
হারুন অর রশীদ,বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মোসলেমগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে একটি নলকূপ অকেজো ও বিকল হয়ে পড়ে আছে। এর ফলে বাজারে আসা হাজারো মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুপেয় পানির অভাব চরমে পৌঁছেছে।
পানি পানের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের জনজীবন একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, বাজারের মতো একটি জনগুরুত্বপূর্ণ স্থানে নলকূপটি অকেজো হয়ে পড়ে থাকলেও তা মেরামত বা নতুন কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
তীব্র গরমে একটু খাবার পানির জন্য দূর-দূরান্তে ছুটতে হচ্ছে বাজারে আসা মানুষদের।
শুধু পানির সংকটই নয়, মোসলেমগঞ্জ বাজারের সার্বিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটেরও বেহাল দশা সৃষ্টি হয়েছে। অথচ এই জনদুর্ভোগ নিরসনে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো নজরদারি বা পদক্ষেপ নেই বললেই চলে।
বাজারের এমন অভিভাবকহীন ও বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগী জনসাধারণ ও ব্যবসায়ীরা অবিলম্বে এই বিকল নলকূপটি সচল করার এবং মোসলেমগঞ্জ বাজারের সার্বিক পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply