
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফি ও জুবায়ের নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে ) দুপুরে উপজেলার বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের অন্যদের আগে নদীতে নেমে পড়ে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করে। দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply