
আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। কৃষক আব্দুল আউয়াল জানান, জলাবদ্ধতার কারণে তার প্রায় ২০০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। শহরের ময়লা পানি বিলে আটকে থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছিল। কৃষকদের দাবি, খালটি খনন করা হলে বছরে অন্তত দুটি ফসল ঘরে তোলা সম্ভব হবে, যা তাদের ভাগ্য বদলে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, “কৃষকদের দুর্ভোগ লাঘব করাই আমাদের অগ্রাধিকার। এই খাল খননের ফলে হাজারো কৃষকের ফসল রক্ষা পাবে।” তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ জানান, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই খাল খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহিনন্দসহ পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে।
এ সময় মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েকশত ভুক্তভোগী কৃষক।
© All rights reserved © 2023
Leave a Reply