
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩৭ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে এক ব্যক্তি “আলোকিত বাংলাদেশ” পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তার মোবাইলে কল দেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন। তিনি আরও জানান, যদি ৩৭,৫০০ টাকা না দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হবে, যা তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করবে।
পরবর্তীতে, ২১ ফেব্রুয়ারি দুপুরে ওই ব্যক্তি তাকে হুমকিসূচক একটি এসএমএসও পাঠান। জাহাঙ্গীর আলম টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি একাধিকবার কল করেন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৭১৬) করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির ফোন নম্বর ট্রু কলারে সার্চ করে দেখা যায়, নাম হুমায়ূন কবীর জার্নালিস্ট হিসেবে প্রদর্শিত হচ্ছে। তবে, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো নির্দিষ্ট পত্রিকার নাম জানাননি এবং আলোচনা করে সমাধানের কথা বলে কল কেটে দেন।
পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply