
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডের হাটে অবস্থিত ইমতিহান একাডেমিতে নতুন সংযোজন হিসেবে চালু হলো ‘অ্যাবাকাস জিনিয়াস ব্রেইন ম্যাথ’ কোর্স। শিশুদের মেধা বিকাশ, মনোযোগ বৃদ্ধি, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে শিল্পস্বর একাডেমির উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ইমতিহান একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পস্বর একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ কাব্য মোল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা এইচ. এল. এম. এইচ. রাজু। এ সময় শিল্পস্বর একাডেমির অ্যাবাকাস কোর্সের মাস্টার ট্রেইনার মোহাম্মদ করিমোল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন শাখার ম্যানেজিং ডিরেক্টর ও ইমতিহান একাডেমির পরিচালক এইচ. এম. এ. কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের। শিল্পস্বর একাডেমির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ কাব্য মোল্লাহ বলেন, শিশুদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পাশাপাশি তাদের মেধা, মনোযোগ, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির বিকাশেও গুরুত্ব দিতে হবে। অ্যাবাকাস প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে গণিত চর্চা করতে পারবে। একই সঙ্গে দ্রুত হিসাব করার দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, শিশুদের মেধা ও দক্ষতা বিকাশের লক্ষ্যেই শিল্পস্বর একাডেমির এ উদ্যোগ। নতুন এই কার্যক্রমের সফল বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন তিনি। ‘শেকড় থেকে সাফল্যের পথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিল্পস্বর একাডেমির প্রধান কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে অবস্থিত শিল্পস্বর ভবনে। প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রশিক্ষণ, মেধা বিকাশ ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইমতিহান একাডেমিতে নতুন এ কোর্স চালুর মধ্য দিয়ে শিবগঞ্জের শিশুদের জন্য মেধা বিকাশ ও গণিতচর্চার আরও একটি প্রশিক্ষণ কার্যক্রম যুক্ত হলো।
© All rights reserved © 2026
Leave a Reply