
নিজস্ব প্রতিবেদক
আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন। তবে পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত গড়াতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতি কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা হচ্ছে বলেও জানান সিইসি। এর মধ্যে রয়েছে বার্ষিক পরীক্ষা, দুর্গোৎসব, আগামী বছরের শুরুতে রমজান এবং এরপর এসএসসি পরীক্ষা।
এদিকে, মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে সেখানে উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
© All rights reserved © 2026
Leave a Reply