
মোঃ জহির খান | বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যুবলীগ নেতা জোবায়ের হোসেন পারভেজকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পারভেজ স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার বাবা আবু তাহের তাকে সর্বশেষ জীবিত দেখেন। পরদিন সকালে বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহতের পরিবারের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দোকান নিয়ে পারভেজের বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিবারের দাবি, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে পারভেজকে হত্যা করা হয়েছে।
নিহতের এক ভাই বলেন,
“দোকান নিয়ে বিরোধের জেরে সম্প্রতি পারভেজের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছিল। আমাদের ধারণা, সেই শত্রুতার জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।”
খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply