
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (৩২) নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় যুবক আশরাফ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল, পলাশ ও রবিউলের সঙ্গে সাইফুল্লাহ বারীর বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বোনারপাড়ার চারমাথা এলাকার দক্ষিণ গেটে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহকে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগে নাম আসা বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, “সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
© All rights reserved © 2023
Leave a Reply