
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (২০ জুন ২০২৬) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামের রোগী হিসেবে মোট ১,৫৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পূর্বে ভর্তি ছিলেন ৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ভর্তি হওয়ায় বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এ সময়ে কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে রেফারও করা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বর্তমানে কোনো হাম রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শূন্য। এদিকে, সন্দেহজনক হাম রোগীদের মধ্যে থেকে এ পর্যন্ত ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যুর সঙ্গে হাম রোগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় তদন্ত ও পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply