
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২০ জুন) ভোর ৬টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বিজিবি সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টাকৃত ২০ জনের মধ্যে ১১ জন নারী, পাঁচজন পুরুষ এবং চারটি শিশু রয়েছে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে তাদের প্রতিহত করে। ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
© All rights reserved © 2023
Leave a Reply