
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলা জেলার কৃষি ও ফল উৎপাদন খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে শুরু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। আলোচনা সভায় বক্তারা ফল চাষের গুরুত্ব, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বারো মাস ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে ফলজ বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রত্যেক পরিবারকে বেশি করে ফলজ গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
তিনদিনব্যাপী এ মেলা আগামী ২২ জুন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। দর্শনার্থীরা ফল উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং জেলার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।
© All rights reserved © 2023
Leave a Reply