
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদ শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, গত ২ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ শাখার পক্ষ থেকে কিশোরগঞ্জ–২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তারা অভিযোগ করে বলেন, দলের চেয়ারপারসনের পাকুন্দিয়া সফর উপলক্ষে তিন লাখ টাকা প্রদান করা হয়। পরবর্তীতে ওই অর্থের হিসাব চাওয়া হলে জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রমজান আলীসহ তার অনুসারীরা এবং পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শহিদসহ সংশ্লিষ্টরা বিভিন্ন অজুহাতে হিসাব দিতে গড়িমসি করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনে এমপি প্রার্থীকে বিজয়ী করে দেওয়ার আশ্বাস দিয়ে আলহাজ্ব শফিকুল ইসলাম শফিকের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। তবে তিনি সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে গণঅধিকার পরিষদের সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে বিভ্রান্তিমূলক ও দলবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply