
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে স্থানীয়দের সহযোগিতায় টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়। তিনি দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে। আটকের পর উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে পাখিগুলো অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি পাখি শিকার থেকে বিরত থাকতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
Leave a Reply