
বাকেরগঞ্জ প্রতিনিধি:মোঃসানি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত অসহায় ও দরিদ্রদের মাঝে সহায়তা না দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রদান করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অসচ্ছল ও দুস্থ পরিবারের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু তালিকা প্রণয়নে স্বচ্ছতা না থাকায় অনেক প্রকৃত দরিদ্র পরিবার এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কয়েকজন জানান, তারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকলেও কোনো ধরনের সহায়তা পাননি। অথচ যাদের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো, তাদের ঘরেই ত্রাণের অর্থ পৌঁছেছে। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েই চলেছে।
সম্প্রতি উপজেলার ১৪ টি ইউনিয়নে দুই শতর বেশি সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আর সে সকল সদস্যদের তালিকার মধ্যে অনেকেই রয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নাম। চরমদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার সরদার, চরামদ্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহ আলম খান, চরমদ্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি হান্নান মৃধা, রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউনুস হাওলাদারের ছেলে মাহফুজ,পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফিরোজ হাওলাদার সহ ১৪ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নাম।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের টাকা বিতরণের অনিয়ম নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, নিয়ামতি ইউনিয়নে মোট ৩০ জন সদস্যার মধ্যে ত্রান তহবিলের টাকা বিতরণ করা হয়েছে। আর ৩০ জনের ওই তালিকায় ১৫ জনের নাম দিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সোহেল ফরাজী। বাকি ১৫ জনের নাম দিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল সিকদার।
সোহেল সিকদারের দেয়া তালিকায় যে ১৫ জন ত্রান তহবিলের টাকা পেয়েছেন তার মধ্যে রয়েছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাদুর হোসেন খানের আপন ছোট ভাই উজ্বল খান ও বাহাদুর হোসেন খানের ছেলে সাইফুদ্দিন। এছাড়া ওই তালিকা দেখা গেছে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাইনুল ইসলামের নাম। তারা সকলেই ওই তালিকায় স্বাক্ষর দিয়ে ২০০০ টাকা করে গ্রহণ করেছেন। দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থেকে নিজের পরিবারের মধ্যে ত্রান তহবিলের টাকা বিতরণ করায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা দাবি জানিয়েছেন যাহারা এসকল অনিয়মের সাথে জড়িত তাদেরকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার। তাদেরকে যদি সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া না হয় তাহলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হবে এবং বিএনপি’র প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।
তবে এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ত্রাণের মতো মানবিক সহায়তা বিতরণে এ ধরনের অনিয়ম সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।
এ বিষয়ে জানতে চেয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়াকে ফোন করা হলে তিনি জানান, নিয়ামতি ইউনিয়নে ৩০ জনকে ত্রান তহবিলের টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৫ জন রয়েছে সভাপতি সোহেল ফরাজির তালিকা ও ১৫ জন রয়েছে সাধারণ সম্পাদক সোহেল সিকদারের তালিকা। এই ৩০ জনের তালিকের মধ্যে যদি কেউ তার নিজের পরিবারের সদস্যদের মধ্যে টাকা প্রদান করে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ২৫ জনের একটি তালিকা দিয়েছিলাম সেখান থেকে ১৫ জনকে টাকা দেয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাদুর হোসেন খানের পরিবারের লোকজনের নাম রয়েছে কিনা সেটা আমার ভালো জানা নেই। তবে এই নাম কিভাবে আসলো প্রশ্নের জবাবে তিনি বলেন হয়তো সাংগঠনিক সম্পাদক নিজেই এই নাম দিয়েছেন।
এই বিষয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাদুর হোসেন খান কে ফোন দেওয়া হলে তিনি জানান, ত্রান তহবিলের টাকা প্রদানের তালিকা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সোহেল সিকদার দিয়েছেন।
এ বিষয়ে জানতে চেয়ে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের টাকা সংসদ সদস্যের মাধ্যমে বণ্টন করার নির্দেশ রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের তদারকি করার কিছুই নেই।
© All rights reserved © 2023
Leave a Reply