
মোঃ আব্দুল হান্নান | নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে বিএনপি, স্বতন্ত্র এবং ইসলামী ঘরানার দলগুলোর মধ্যে। ফলে এই আসনে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
এ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন গোকর্ণ ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তবে তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন ফান্দাউক ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলার ছড়ি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন বুড়িশ্বর ইউনিয়নের সদ্য পদত্যাগকারী চারবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল চৌধুরী।
অন্যদিকে দশদলীয় জোটের প্রার্থী হিসেবে দাড়ি-পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর এ কে এম আমিনুল ইসলাম।
এর আগে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এস এ কে একরামুজ্জামান, ইসলামী ফ্রন্টের কাজী অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল এবং খেলাফত মজলিসের এস এম শহিদুল্লাহ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
তবে এখনও প্রতীকীভাবে মাঠে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ আলম মাস্টার এবং ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে মূল লড়াইটি হতে পারে ধান, ঘোড়া, কলার ছড়ি ও দাড়ি-পাল্লা প্রতীকের মধ্যে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন—সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো এলাকার মানুষ।
© All rights reserved © 2023
Leave a Reply