
মোঃ আসিফুজ্জামান আসিফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নিরলস প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও দক্ষতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর যোগসূত্র তৈরির লক্ষ্যে গুরুত্বের সঙ্গে কাজ করছে। এর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুব কবির।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খানের স্মারক বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং একটি সেমিনারে যোগ দেন।
© All rights reserved © 2026
Leave a Reply