
মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদন
ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন ৮ম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়টির একটি প্রতিনিধি দল। বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে মৌখিক সম্মতি দেন বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের, কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের বেকারত্ব সমস্যা সমাধানে উচ্চশিক্ষাসহ শিক্ষার সব পর্যায়ে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইসমাইল জাবিউল্লাহ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় আন্তর্জাতিক মান বজায় রাখা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তাঁরা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ের জেসাপ (Jessup) মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশে ইস্টার্ন ইউনিভার্সিটি ২০২৬ সালসহ মোট চারবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। আইন শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা, যুক্তি উপস্থাপন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধিতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
এ ছাড়া উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সম্প্রসারণ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিরা। তাঁরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ইস্টার্ন ইউনিভার্সিটি মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০ কোটি টাকারও বেশি বৃত্তি প্রদান করেছে। বর্তমানে প্রতি বছর প্রায় ৬ কোটি টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এসব বৃত্তির মাধ্যমে একদিকে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারিত হচ্ছে।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষার মান উন্নয়ন, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং উদ্ভাবন কার্যক্রম জোরদারে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply