
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাসহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকার প্রতিটি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আট কিলোমিটারের মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও একটি পূজামণ্ডপ রয়েছে। এসব মিলিয়ে মোট ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতেও ৫৯ বিজিবি নিরলসভাবে কাজ করছে। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু বলেন, ব্যাটালিয়ন সদর দপ্তরসহ দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদযাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply