1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ডিএনসির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা, নৈতিকতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, কুইজ, মাদকবিরোধী নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা: সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য দেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের সুন্দর জীবনকে মুহূর্তেই অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একই সঙ্গে একটি পরিবারকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তিনি বলেন, মাদকাসক্তি মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয় এবং হতাশা ও বিষণ্ণতা তৈরি করতে পারে। মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে পরিবার ও সমাজের ভালোবাসা ও সম্মান হারায়। তাই সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের বিশেষ নজর দিতে হবে এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, অনেকেই বন্ধুদের প্ররোচনা বা কৌতূহলবশত মাদক সেবন শুরু করেন। তাই মাদকসেবী বন্ধু বা খারাপ সঙ্গ পরিহার করতে হবে। হতাশা, একাকীত্ব কিংবা পারিবারিক কলহের কারণে কেউ যেন মাদকের দিকে না ঝুঁকে পড়েন, সেজন্য মানসিক চাপ মোকাবিলায় কাউন্সেলর বা বিশ্বস্ত মানুষের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। নারীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক শুধু নারীর প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, এর প্রভাব পুরো পরিবারে পড়ে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অনেক সময় নারীদের বাহক হিসেবে ব্যবহার করে। তাই অতিরিক্ত অর্থের লোভে বা না বুঝে কোনো সন্দেহজনক পার্সেল, ব্যাগ বা পণ্য বহন না করার জন্য কিশোরীদের সতর্ক করেন তিনি। তিনি বলেন, “জীবনকে ভালোবেসে মাদককে চিরতরে না বলুন।” মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সংগীত পরিবেশন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী নাটিকা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠ করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি