
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক সোহানা নাসরিন।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নরসুন্দা নদীর অববাহিকার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং জেলার উন্নয়নের বাস্তব চিত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সভায় বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল,কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান রতন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন এবং ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন।
সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এ সময় নরসুন্দা নদীর অববাহিকার পরিবেশ ও সৌন্দর্য রক্ষা, নদীকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের বিষয়েও আলোচনা করা হয়। কিশোরগঞ্জের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়েও সভায় মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জেলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সভায় কিশোরগঞ্জ জেলার প্রায় একশত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জকে একটি নিরাপদ, পরিবেশবান্ধব, সুশৃঙ্খল ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply