
নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের আক্কেলপুরে অন্যের বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মিজানুর রহমান রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা বিএনপি জানিয়েছে, বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই মিজানুর রহমানকে অভিযুক্ত বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় রোববার রাতে তাঁকে বিএনপির সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান। তাঁর দাবি, বাড়িটি যে জমিতে নির্মিত হয়েছে সেটি তাঁদের পৈতৃক সম্পত্তি। তাঁর ভাষ্য, ওই জমিতে অন্য পক্ষ বাড়ি নির্মাণ করেছিল এবং তাঁরা নিজেদের জমি বুঝে নিয়েছেন।
এ ঘটনায় বাড়ির মালিক বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা জানান, অভিযোগটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়টির প্রকৃত অবস্থা যাচাই করা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply