
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে তানিম নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। একটি চিরকুট, ৮ লাখ টাকা লেনদেনের অভিযোগ ও বিয়েকে কেন্দ্র করে বিরোধের পর তাঁর মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন তাঁর অসহায় মা।
তানিম উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের নন্দীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
মামলার নথি অনুযায়ী, দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মারজানা ইসলাম আনিকার সঙ্গে তানিমের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরে বিয়ের বিষয়ে টালবাহানা শুরু হলে টাকা ফেরত চান তানিম। এ নিয়ে বিরোধ ও হুমকির অভিযোগও রয়েছে।
গত ৪ আগস্ট বিষপান করে অসুস্থ হলে তাঁকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, মৃত্যুর আগে তানিম একটি চিরকুট লিখে যান, যেখানে কয়েকজনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।
এ ঘটনায় তানিমের মা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ২০ আগস্ট দায়ের করা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে বলে নথি সূত্রে জানা গেছে।
তানিমের পরিবারের দাবি, চিরকুট, টাকা লেনদেন ও হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আইনগত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তানিমের মৃত্যুর প্রকৃত কারণ ও দায় নির্ধারিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply