
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১০৩ ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্ক শ্রমিকদের সাপ্তাহিক ছুটির বিধান রয়েছে। প্রতিষ্ঠানভেদে শ্রমিকেরা প্রতি সপ্তাহে এক দিন বা দেড় দিন পূর্ণ মজুরিসহ ছুটি পাওয়ার অধিকারী। এ ছুটির কারণে শ্রমিকের মজুরি থেকে কোনো অর্থ কর্তন করা যাবে না।
শ্রম আইনের আলোকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনে কোনো দোকান খোলা রাখা হলে তা দোকান মালিক নিজ দায়িত্বে পরিচালনা করবেন। তবে কোনো কর্মচারীকে ছুটির দিনে কাজ করতে বাধ্য করা যাবে না।
ইউএনও তানজিলা আখতার বলেন, “ছুটি সকল কর্মচারীর অধিকার এবং ছুটির দিনের জন্য তারা পূর্ণ মজুরি পাওয়ার অধিকারী। ছুটির দিনে কোনো কর্মচারীকে কাজ করতে বাধ্য করা আইনবিরুদ্ধ।”
তিনি শ্রম আইন মেনে চলা এবং কর্মচারীদের অধিকার নিশ্চিত করার জন্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানান।
তাড়াইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিক-কর্মচারীদের অধিকার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রচারেঃ তাড়াইল উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ।
© All rights reserved © 2023
Leave a Reply