
নিজস্ব প্রতিবেদক
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ২০২০ সালে সংঘটিত বহুল আলোচিত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হোসেন।
আদালত সূত্র জানায়, গত ৮ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত দিনে আদালত প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে চারজনকে খালাস দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে তাঁর স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আটজনই তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। বর্তমানে মামলার সব আসামি কারাগারে রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। তদন্ত চলাকালে কয়েকজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষায় ছয়জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০২৫ সালের মে মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিচার চলাকালে ভুক্তভোগী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ মোট ২৪ জন সাক্ষ্য দেন।
এই মামলার আসামিরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক), অর্জুন লস্কর, আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।
© All rights reserved © 2026
Leave a Reply