
মোহাম্মদ করিম লামা-আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া ও উত্তরপাড়ায় সংঘটিত ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়াইয়াছেন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হইতে বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই, ২০২৬) দুর্ঘটনাকবলিত এলাকায় উপস্থিত হইয়া তিনি নিহতদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এ সময় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় সরকার গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বদা পাশে রহিয়াছে। মানবিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে গ্রহণ করা হইবে।”
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জীবন-জীবিকা পুনরুদ্ধারে সরকার আন্তরিকতার সহিত কাজ করিতেছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত থাকিবে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি ও লামা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় প্রবল বর্ষণের ফলে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় জনমনে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।
এসটি বাংলা টিভি পরিবারের পক্ষ হইতে পাহাড়ধসে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হইল।
© All rights reserved © 2023
Leave a Reply