
মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত আরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত আরিফুলের পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার চেক এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের মিলেরপাড় বাজারের পাশেই রতিরাম কমওলঋা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম গত সোমবার (৬ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশন এলাকায় রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহত আরিফুলের সহায়-সম্বলহীন পরিবারের এ চরম দুর্দিনে উপজেলা প্রশাসনের দ্রুত ও মানবিক সাড়া সর্বস্তরে প্রশংসিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও তানজিলা তাসনিম সরাসরি নিহতের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দকৃত ১০,০০০ (দশ হাজার) টাকার একটি ব্যাংক চেক বড় ভাই মো: এরশাদ আলী-র নামে) এবং চাল, ডাল, তেলসহ মানবিক সহায়তার বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট পরিবারের স্বজনদের হাতে তুলে দেন।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই দ্রুত মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিহত আরিফুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply