
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলটির কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পদ বাজেয়াপ্তের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত হয়। পরে ২০১৩ সালে আইনের ২ নম্বর ধারা সংশোধন করে ‘অরগানাইজেশন’ বা ‘সংগঠন’ শব্দটি যুক্ত করা হয়। ২০২৫ সালে আইনে আরও সংশোধন এনে রাজনৈতিক দলকেও ‘সংগঠন’-এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে নির্ধারিত শর্ত পূরণ হলে রাজনৈতিক দলের বিরুদ্ধেও এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তাধীন রয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্তে যদি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তি পাওয়া যায়, তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
আইনের সংশোধিত বিধানে বলা হয়েছে, কোনো সংগঠন মানবতাবিরোধী অপরাধ সংঘটন, সহায়তা, উসকানি বা ষড়যন্ত্রে জড়িত প্রমাণিত হলে ট্রাইব্যুনাল সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষণা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি জব্দের আদেশ দিতে পারবেন। এই আইনে ‘সংগঠন’-এর সংজ্ঞার মধ্যে রাজনৈতিক দলও অন্তর্ভুক্ত।
এদিকে কয়েকজন আইনজ্ঞের মতে, বিদ্যমান আইনে রাজনৈতিক দলের বিচার করার সুযোগ থাকলেও এ ধরনের বিচারের ক্ষেত্রে অভিযোগের প্রমাণ ও আইনি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অন্য কয়েকজনের মতে, এ বিচারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হতে পারে।
তদন্ত ও বিচারপ্রক্রিয়া এখনো চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত হবে কি না এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেবেন।
© All rights reserved © 2026
Leave a Reply