
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঈদগাহ মাঠে অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১২ বোতল ভারতীয় Eskuf সিরাপ এবং ৫৫ বোতল Fairdyl সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপের মোট সংখ্যা ১৬৭ বোতল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সিরাপগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply