
মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা ইউনিয়নের সমিতি বাজার এলাকায় মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৬৩টি পরিবার ও ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে দুর্বৃত্তরা একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ওই ট্রান্সফরমারের আওতায় থাকা চারটি পরিবার প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন রয়েছে। এরপর বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৪টার দিকে একই এলাকার একটি ২৫ কেভিএ ট্রান্সফরমারও চুরি হয়ে যায়। এর ফলে সমিতি বাজারের ২৮টি দোকান ও ৩০টি পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছে।
সব মিলিয়ে বর্তমানে ৬৩টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে, নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সংরক্ষিত খাদ্যপণ্যের। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা, পানির মোটর চালানো, মোবাইল চার্জসহ দৈনন্দিন নানা কাজে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ট্রান্সফরমার চুরির পর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের জানান, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য যে ব্যয় হবে তার অর্ধেক স্থানীয়দের বহন করতে হবে। অন্যথায় প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন ট্রান্সফরমার স্থাপন সম্ভব নয় বলে তাদের জানানো হয়েছে। এ অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর দাবি, ট্রান্সফরমার চুরি একটি অপরাধমূলক ঘটনা। তাই এর দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে না দিয়ে দ্রুত সরকারি উদ্যোগে নতুন ট্রান্সফরমার স্থাপন, বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
© All rights reserved © 2026
Leave a Reply