
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে সেতু এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত মহানন্দা সেতুর বারঘরিয়া এলাকায় নাগরিক অধিকার আদায় কমিটির সদস্য অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদের নেতৃত্বে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং চালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি এবং শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, সিএনজি ও
মোটরসাইকেল থেকে টোল আদায় অযৌক্তিক। তারা অবিলম্বে এসব যানবাহনকে টোলমুক্ত ঘোষণা এবং টোল আদায় বন্ধের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। অবরোধের কারণে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। বিশেষ করে আমবাহী ট্রাক দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। তাদের দাবি, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় আম পরিবহনে বিলম্ব হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উৎপাদক ও ব্যবসায়ীরা। এ ছাড়া যানজটে আটকে পড়েন গর্ভবতী নারী, হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য যাওয়া রোগী, নবদম্পতি এবং বিভিন্ন প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ। এতে জনমনে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়।
ভুক্তভোগীদের অনেকে বলেন, টোলের পক্ষে বা বিপক্ষে মত প্রকাশ করা সবার গণতান্ত্রিক অধিকার। তবে সেই প্রতিবাদের কারণে যদি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং জীবিকা ও জরুরি সেবা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। তাদের মতে, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকারও সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন।
© All rights reserved © 2023
Leave a Reply