
সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল
শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নড়াইল সদরে মোস্তফা কাজী, ৬৫, নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার, ৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী সদরের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। কয়েক বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে মহারাগ গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার, ২৯ জুন বিকেলে ভদ্রবিলা বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে পলাইডাঙ্গা ও মহারাগ গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ওই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার আরও একটি সালিশ হওয়ার কথা ছিল।
এরই মধ্যে শুক্রবার বিকেলে বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে জিনিসপত্র রেখে আবার ভদ্রবিলা বাজারের দিকে যাওয়ার পথে মোস্তফা কাজীর ওপর কয়েকজন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি তাজা প্রাণের অকাল মৃত্যুতে নিহতের পরিবারে চলছে হাজারী কান্না ও আহাজারি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, ‘ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
© All rights reserved © 2023
Leave a Reply