
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় প্রেমের সম্পর্কের জেরে ধর্মান্তর এবং পরে পুনরায় আগের ধর্মে ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধর্মান্তরবিরোধী আইনে এক তরুণীর সঙ্গে তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়ুষ মালিক নামে এক যুবক ২০১৮ সালে পায়ে আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, সম্পর্কের একপর্যায়ে চাঁদনির পরিবারের পক্ষ থেকে আয়ুষকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়। পরে ২০২৩ সালে তিনি দিল্লিতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ আলি রাখেন। এরপর তিনি ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুশীলনও পালন করতে শুরু করেন।
তবে প্রায় তিন বছর পর সম্প্রতি তিনি আবার হিন্দু ধর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আয়ুষের দাবি, পরিবারের কষ্ট ও মানসিক যন্ত্রণার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন।
এদিকে আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্মান্তরিত করে পারিবারিক সম্পত্তি দখলের পরিকল্পনা করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ ধর্মান্তরবিরোধী আইনে চাঁদনি কুরেশি ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।
© All rights reserved © 2023
Leave a Reply