
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ও সোয়া ৬টার দিকে সদর উপজেলার আলীমনগর ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৬টার দিকে রিফাতের এবং সোয়া ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে একই দিনে
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে সাকিরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।
© All rights reserved © 2023
Leave a Reply