
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
আদালত জানান, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। আসামি সোহেল রানা জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন এবং স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালাতে সহযোগিতা করেন। আদালত বলেন, এমন অপরাধ সংশোধনযোগ্য নয় এবং যথাযথ শাস্তি না দিলে বিচারব্যবস্থা ব্যর্থ হবে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
গত ১৯ মে পল্লবীতে সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দেয়।
১ জুন শুরু হওয়া এ মামলার বিচারকাজ মাত্র চার দিনে শেষ হয়, যা দেশের ইতিহাসে ধর্ষণ ও হত্যা মামলার মধ্যে দ্রুততম বিচারগুলোর একটি। মামলায় পরিবার, চিকিৎসক, পুলিশ ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।
© All rights reserved © 2023
Leave a Reply