
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
সীমান্তে বিজিবির তৎপর অবস্থানের কারণে ওই চেষ্টা সফল না হওয়ায় পরবর্তীতে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ জুন দিবাগত রাতে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের বিএসএফের ১২ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক সতর্ক অবস্থান ও নজরদারির কারণে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর ওই ২৮ জন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরবর্তীতে সীমান্ত এলাকায় বিজিবির নিবিড় পর্যবেক্ষণে দেখা যায়, সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের আর কোনো অবস্থান বা চলাচল নেই। বিজিবির ধারণা, রাতের কোনো এক সময় বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply