
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঝড়ে উপড়ে পড়া একটি গাছ হঠাৎ আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল, বিস্ময় ও নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ এটিকে অলৌকিক ঘটনা বলছেন, আবার কেউ দিচ্ছেন স্বাভাবিক ব্যাখ্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক ভয়াবহ ঝড়ে উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা বড় একটি গাছ শিকড়সহ উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করে দেওয়া হলে কাঠুরিয়ারা সেটির ডালপালা ও বিভিন্ন অংশ কাটতে শুরু করেন।
স্থানীয়দের দাবি, কাটার কাজ চলাকালীন হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার আগের অবস্থানের মতো দাঁড়িয়ে যায়। এরপর থেকেই বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছটির মূল অংশ সামান্য সামনের দিকে হেলে দাঁড়িয়ে আছে। গাছটির গোড়া ও শিকড়ের অংশ এখনও দৃশ্যমান। কেটে ফেলা ডালপালা ও কাঠের অংশ পাশে পড়ে রয়েছে। গাছে লাল কাপড় বাঁধা হয়েছে এবং চারপাশে নিশানা টানানো হয়েছে।
গাছটিকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন। কেউ কৌতূহলবশত দেখতে আসছেন, কেউ আবার এটিকে অলৌকিক ঘটনা মনে করে মানত করছেন।
স্থানীয় বাসিন্দা আবুল বাশার মুন্সী বলেন, “প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। পরে বিক্রি করে কাটার সময় আবার দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়।”
গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, “কীভাবে এমন হয়েছে তা আল্লাহই ভালো জানেন। প্রতিদিন বহু মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ মানত করছেন, কেউ শিকড় নিয়ে যাচ্ছেন।”
তবে কাঠুরিয়া মো. আমিন মিয়া বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলে দাবি করেন। তিনি বলেন, “গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে পড়েছিল। ডালপালা কাটার পর ভারসাম্যের কারণে আবার দাঁড়িয়ে যায়। গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে আবার পড়ে যাবে। এখানে অলৌকিক কিছু নেই।”
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। স্থানীয়দের কাছে গাছটি এখন বিস্ময় ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
© All rights reserved © 2023
Leave a Reply