
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিকল্পিত সড়ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আরসিআইপি এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন কারিগরি দিক, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের পদ্ধতি এবং জিআইএস প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। কর্মশালায় বক্তারা বলেন, একটি কার্যকর ও টেকসই গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে মানুষের সংযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও এ ধরনের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রামীণ সড়ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।
আয়োজকরা জানান, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
© All rights reserved © 2026
Leave a Reply