
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন হিসেবে ফিরোজ আলীকে আটক করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোহালবাড়ি গ্রামে বসবাস করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ঘটনার বিভিন্ন দিক তদন্ত করছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply