
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুন) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ভোলাহাট থানার ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও ২৪ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সুরানপুর গ্রামের বাসিন্দা মোসা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং মোসা. ববিতা খাতুন (২৫)। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
© All rights reserved © 2023
Leave a Reply