শামীম আনোয়ার (শামীম) ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের কালান্দর গ্রাম থেকে পিবিআইয়ের ওসি মাসুদ পারভেজ ভূঞার লাশ দাফনের ১০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিনের উপস্থিতিতে মামলার তদন্তকারী পিবিআই ইন্সপেক্টর গোলাম মোক্তার আশরাফ লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
জানা যায়, ১৯ জুলাই ২০২৪ কোটা আন্দোলন চলাকালীন ওসি মাসুদ পারভেজকে দুর্বৃত্তরা গুরুতর আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন পারভেজ মারা যান। নিহত পারভেজ মৃত্যুর আগপর্যন্ত নারায়ণগঞ্জে পিবিআইয়ের ওসি হিসেবে কর্মরত ছিলেন।
পারভেজ ভূঞার লাশ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রামে ওই রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের স্ত্রী মেরিনা আক্তার দিনা জানান, ঘটনার দিন তার স্বামী খিলগাঁও থানার রামপুরা-বনশ্রীর বাসা থেকে সন্ধ্যার পর ওষুধ কিনতে বের হন। ওই সময় তার স্বামী দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হন।