জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ায় আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজাকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোডাউন করেছে তার কর্মীসমর্থকরা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার টার দিকে চেয়ারম্যান ঢাকা থেকে পায়রা সেতুর টোল প্লাজায় পৌছলে তাঁকে স্বাগত জানাতে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় জড়ো হন সহস্রাধিক নেতাকর্মীরা। টোলপ্লাজা থেকে মোটরসাইকেল যোগে চেয়ারম্যানকে প্রথমে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদে এবং পরে গ্রামের বাড়ি জলিশায় নিয়ে যাওয়া হয়। এ সময়ে চেয়ারম্যান অনুসারীদের মিথ্যা মামলার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা গেছে।
এবিষয়ে কথা হয়েছে চেয়ারম্যান অনুসারী আবুল হোসেন, খলিলুর রহমান ও মেহেদী হাসানের সাথে। তাঁরা জানিয়েছেন কুচক্রীমহল ষড়যন্ত্র করে অহেতুক চেয়ারম্যানকে ফাঁসিয়েছেন।
এ ব্যাপারে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা জানান, একটি কুচক্রী মহল তাঁকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ৮ জুলাই মহামান্য হাইকোর্ট তাঁকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। ইতোপূর্বেও তিনি একই স্থান থেকে জেলেদের চাল বিতরণ করার কথা জানিয়েছেন ।
মোটরসাইকেল শোডাউনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জনগণ তাঁকে ভালবাসে এবং সে কারণেই ঢাকা থেকে বাড়িতে আসার খবর পেয়ে তারা জড়ো হয়েছেন ।
উল্লেখ্য যে, গত ২৯ জুন জেলেদের অনুরোধে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভিজিএফ'র চাল বিতরণের উদ্দেশ্যে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়। ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যত্র চাল মজুদের বিষয়টি ইউএনও জানতে পেরে ওইদিন রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে এসে চাল জব্দ করে সীলগালা করেন ইউএনও। এবিষয়ে ৩০ জুন বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে পরিষদ ছাড়া অন্যত্র চাল মজুদ করার অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। ৩ জুলাই বুধবার আদালতের নির্দেশে জব্দকৃত চাল ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করেছেন, ইউএনও শাহীন মাহমুদ।