মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জ্বালানি তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও অ্যাম্বুলেন্স সেবা গত এক সপ্তাহ থেকে বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্সটি গ্যারেজ বন্দী হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য জেলা সদর বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে তাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে তেল সরবরাহ প্রতিষ্ঠানে প্রায় ১২ লক্ষ টাকা বকেয়া পড়ায় গত ১ জুলাই থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান রায়হান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আশরাফ হোসেন জানান,তেলের বকেয়া পাওনা পরিশোধে হাসপাতাল কতৃপক্ষের উদাসীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, পাম্প মালিকের অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ জানান,মন্ত্রনালয় থেকে নতুন অর্থ বছরের অর্থ বরাদ্দ না পাওয়ায় পাম্পের পাওনা যথাসময়ে পরিশোধ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সিভিল সার্জন ডাঃ মাহমুদুর রশীদ জানান, মন্ত্রনালয় থেকে অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে। অতিসত্তর অ্যাম্বুলেন্স সেবা চালু হবে। প্রসঙ্গত: চলতি বছর একই কারণে অ্যাম্বুলেন্স সেবা কয়েকদিন বন্ধ ছিল।