বাবলু তন্তবায় দীপু,চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ
হবিগঞ্জের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আবার তৃতীয় বারের মতো নৌকা পেলেন বর্তমান এমপি এডভোকেট মাহবুব আলী। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মনোনয়ন পাওয়ার খবরে এলাকায় তার সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালে দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করে সহজেই জয়লাভ করেন।
বিকেলে তার মনোনয়ন প্রাপ্তির খবরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে সন্ধ্যায় চুনারুঘাট থানা রোডে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাস্টার, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমান আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান শাহিদ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন দিপুসহ অনেকেই।
এবার আওয়ামীলীগের বাইরে বিএনপি নির্বাচনে না আসায় এ আসনে উল্লেখ যোগ্য কোন প্রার্থী নেই। এছাড়া জাতীয় পার্টি থেকে আব্দুল আহাদ শাহিন চৌধুরী নির্বাচন করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছে। তবে তার এলাকার কোন প্রচার প্রচারনা নেই। জাসদ (ইনু) থেকে জেলা জাসদ নেতা মাহিন তরফদার নির্বাচন করতে পারেন বলে শুনা যাচ্ছে।
গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০টির মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি তিনটি আসনের মনোনীত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশিরভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছর আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।