শামীম সরকার নিজস্ব প্রতিবেদন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কিশোরগঞ্জ -১ আসনে দ্বিতীয় বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা ডা:জাকিয়া নূর লিপি। নাম ঘোষণার পরপরই বিভিন্ন যায়গায় আনন্দ মিছিল করেছে তার শুভাকাঙ্ক্ষীরা। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসন। ১৯৯১ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন চারদলীয় জোটের মাওলানা আতাউর রহমান খান। পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০১৮ সাল টানা পাঁচবার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ মনোনীত শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। পরে ২০১৯ সালে ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু হলে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি। দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। এই আসন থেকে আরও ছয় জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তারা হলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ সাফায়েতুল ইসলাম,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন,বর্তমান সাংসদের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন। কিশোরগঞ্জ-১ আসনের সদর উপজেলার আয়তন ১৯৪ বর্গকিলোমিটার ও হোসেনপুর উপজেলার আয়তন ১২১ বর্গকিলোমিটার। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৮ শত ৫০ জন।