চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন, চুরি মামলার একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে রোববার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ হোসেন (৩৪), আনোয়ার মিয়া (৫৬), কাজী আতিকুর রহমান মানিক (৪৯), মোঃ মাসুদ, মোঃ রুবেল (২৮) ও বিপ্লব দে (৩২)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের মধ্যে আনোয়ার মিয়া বরমা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সম্পাদক এবং কাজী আতিকুর রহমান মানিক বরকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ছাড়া গ্রেপ্তার মোঃ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে। মোঃ মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনে গ্রেপ্তারি পরোয়ানা, মোঃ রুবেলের বিরুদ্ধে চুরি মামলা এবং বিপ্লব দে মোবাইল কোর্টের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: চন্দনাইশ থানা পুলিশ, চট্টগ্রাম।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.