
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা তৈরি করে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চুকবলের মতো নতুন খেলার প্রসার ঘটাতে হলে নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ বলেন, “চুকবল একটি সম্ভাবনাময় ও আধুনিক খেলা। এ খেলায় শারীরিক দক্ষতার পাশাপাশি কৌশল, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলার প্রয়োজন হয়। দেশের তরুণদের মধ্যে চুকবল ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। চাঁপাইনবাবগঞ্জে এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এ জেলার খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে বলে আমরা আশাবাদী।” স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু বলেন, “চাঁপাইনবাবগঞ্জে খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নতুন নতুন খেলার সঙ্গে তরুণদের পরিচিত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা এখান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিয়মিত অনুশীলন করবে এবং চুকবল খেলাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজিজুল হক, আবু সাহিন ও আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জে চুকবল খেলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.