
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর খোচাবাড়ী ঘাট সংলগ্ন ধরলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মিনি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৩-এর আওতায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (মিনি ড্রেজার), ৩টি প্লাস্টিকের ড্রাম, ১টি লোহার অ্যাঙ্গেল ও ১৪ পিস পাইপ জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিলি-বন্দোবস্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও নদী তীরবর্তী এলাকার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। নদী ও পরিবেশের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.