
মোঃ আসিফুজ্জামান আসিফ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। প্রিয় শিল্পীর মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্বজন, প্রতিবেশী ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুল্যান্সযোগে অভিনেতার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।
‘নসীব’ সিনেমার প্রডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইনের একটি ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে অভিনেতা সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.