
মোঃ আসিফুজ্জামান আসিফ
দেশের পোশাকশিল্পের ইতিহাসে ভয়াবহ এক কালো অধ্যায় তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড। ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বেঁচে ফেরা শত শত শ্রমিক। দীর্ঘ ১৪ বছরেও অনেক আহত শ্রমিকের ভাগ্যে জোটেনি যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, এ ঘটনায় ১১৪ জন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান। আহত হন দুই শতাধিক শ্রমিক। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, এ ঘটনায় এক হাজারের বেশি শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বর্ণনা অনুযায়ী, কারখানার নিচতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে নয়তলা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা ছোটাছুটি করলেও নিচতলার ফটক তালাবদ্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি। কেউ আগুনে পুড়ে মারা যান, আবার কেউ জীবন বাঁচাতে ভবনের ওপরের তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাঁদের অনেকের হাত-পা, বুকের পাঁজর, কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহত শ্রমিকদের অনেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ হারিয়েছেন কর্মক্ষমতা, কেউবা চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসহায় দিন কাটাচ্ছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি থেকে অনেকেই এখন অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল।
শ্রমিক নেতারা বলছেন, তাজরীন ট্র্যাজেডির পর আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও অধিকাংশই বাস্তবায়িত হয়নি। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের আবাসন ও শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ করতে হবে। নিহত শ্রমিকদের পরিবারকে তাঁদের কর্মজীবনের সম্ভাব্য আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে তাজরীন অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কারখানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকেরা। এ সময় তাঁরা নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবি জানান।
১৪ বছর পেরিয়ে গেলেও তাজরীন ট্র্যাজেডির ক্ষত আজও শুকায়নি। নিহতদের স্বজনদের বুকভরা কান্না আর আহত শ্রমিকদের দীর্ঘশ্বাস যেন বারবার মনে করিয়ে দেয়—শুধু স্মরণ নয়, এই ভয়াবহ ঘটনার শিকার শ্রমিকদের জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ, ন্যায়বিচার ও মানবিক পুনর্বাসন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.