এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে চুকবল প্রশিক্ষণ ২০২৬। সোমবার (২৩ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন)-এ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তোলে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে একজন খেলোয়াড় নিজের ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি দেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন। চুকবল একটি সম্ভাবনাময় খেলা। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা দক্ষতা অর্জন করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। এ ধরনের ক্রীড়া কার্যক্রমের প্রসারে জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নতুন নতুন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। চুকবল খেলাকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন বলে আমরা আশাবাদী।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক, জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়রা চুকবল খেলার নিয়ম-কানুন ও কৌশল সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি দক্ষতা অর্জন করবেন। এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন এই খেলাটির প্রসার ঘটবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.